প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া এলাকায় ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করে এ ঘটনার বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন, মোসাঃ নাইমা সিফাত বন্যা, যিনি ডাকাতিয়া গ্রামের বাসিন্দা মো. সিফাতের স্ত্রী এবং ডাকাতিয়া শহীদ স্মৃতি বিদ্যানিকেতন-এর একজন শিক্ষিকা, নিজেকে ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’-এর ব্যবস্থাপক পরিচয়ে স্থানীয়দের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আদায় করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বিনিয়োগকারীদের ৩,৮০০ টাকা দিলে প্রতিদিন ১২৫ টাকা, ১০,০০০ টাকায় ৩৩০ টাকা এবং ২৮,৮০০ টাকা দিলে প্রতিদিন ১,০০০ টাকা করে মুনাফা দেওয়ার প্রলোভন দেখানো হয়। শুরুতে কিছু বিনিয়োগকারী নিয়মিত টাকা পেলেও পরবর্তীতে নতুন বিনিয়োগকারীরা আর কোনো অর্থ ফেরত পাননি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই থেকে তিন শতাধিক মানুষ।
অভিযোগকারীরা বলেন, প্রতিদিন স্কুল ছুটির পর নাইমা সিফাত অফিসে বসে ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’-এর কার্যক্রম পরিচালনা করতেন এবং বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন।
অভিযোগের বিষয়ে নাইমা সিফাতের স্বামী মো. সিফাত বলেন, “আমার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আসলে প্রথমে আমিই এই কাজ শুরু করি। শুরুতে কিছু লাভ হলেও পরে আমরাও ক্ষতিগ্রস্ত হই। কারো টাকা আমরা নেইনি, বরং প্রতারকদের খপ্পরে পড়ে আমরাও ক্ষতির শিকার হয়েছি।”
স্থানীয়দের অভিযোগ, ‘এ.ডি.এ মিউজিক অ্যাপস’ আসলে একটি প্রতারণামূলক ব্যবসা, যার মাধ্যমে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে