প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:২৩ পিএম

মালয়েশিয়ার জোহর রাজ্যের ক্লুয়াং এলাকায় এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় এক স্থানীয় মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাংলাদেশি সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ক্লুয়াংয়ের জালান বাতু পাহাত-মার্সিং সড়কে দুর্ঘটনাটি ঘটে ।
শুক্রবার ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহরিন মোহাম্মদ নোহ এক বিবৃতিতে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত মোটরসাইকেল চালক (২৮) মার্সিং থেকে ক্লুয়াং শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৫০ বছর বয়সী এক বাংলাদেশি সাইকেল আরোহী হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে, মোটরসাইকেল চালক তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান।
তার হোন্ডা আরএস-এক্স ১৫০ মডেলের মোটরসাইকেলটি প্রথমে সাইকেলটিকে ধাক্কা দেয় এবং এরপর পাশেই দাঁড়িয়ে থাকা একটি মার্সিডিজ বেঞ্জ ট্যাঙ্কার লরিতে সজোরে আঘাত করে। এতে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত বাংলাদেশিকে দ্রুত এনচে বেসার হাজ্জাহ খালসুম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত, পাঁজর, মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি জ্ঞানহীন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের অধীনে তদন্ত করছে পুলিশ, যা বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধের সঙ্গে সম্পর্কিত।
পুলিশ দুর্ঘটনার বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে ক্লুয়াং জেলা পুলিশ সদর দফতরের ০৭-৭৭৬৬৮২২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে