প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:১০ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শের-ই বাংলা ফজলুল হক হলে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঘোষিত এ হলের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে জাহিদ পেয়েছেন ৪৮৯ ভোট, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৯৭ ভোট। মেয়েদের ছয়টি হল এবং শের-ই বাংলা ফজলুল হক হল মিলিয়ে জাহিদ পেয়েছেন মোট ৪ হাজার ৭৪৬ ভোট, আর আবির পেয়েছেন ১ হাজার ৩০৩ ভোট।
জিএস পদে শের-ই বাংলা ফজলুল হক হলে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৪১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ২৩৩ ভোট। ৭টি হল মিলিয়ে আম্মার পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট, আর ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ৪৮৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ২৮২ ভোট, অন্যদিকে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২১২ ভোট। ৭টি হল মিলিয়ে সালমান সাব্বির পেয়েছেন ২ হাজার ৫৭৭ ভোট, আর এষা পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট।
এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটারের মধ্যে ৩৯.১০ শতাংশ নারী এবং ৬০.৯০ শতাংশ পুরুষ। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, সহ-সভাপতি ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়াও ফলাফল প্রকাশিত হওয়ার পর রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ