প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৩:১৪ AM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশের এলাকা থেকে তিন ভবঘুরে পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের কারো পরিচয় এখনো জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালের মূল ফটকের সামনে থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে আরও একজন (৬০) ও বিকেল সোয়া ৫টার দিকে জরুরি বিভাগের প্রধান ফটকের বিপরীতে প্রাচীরসংলগ্ন স্থান থেকে তৃতীয় এক অজ্ঞাত পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
পরিদর্শক ফারুক জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানার কনস্টেবল সানাউল মিয়া পৃথক সময়ে তিনটি মরদেহ উদ্ধার করেন। মরদেহগুলো বর্তমানে ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মৃতদের গায়ে ময়লাযুক্ত কাপড়-চোপড় ছিল, যা দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাস করতেন এবং অসুস্থতার কারণেই মৃত্যুবরণ করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ