প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১৯ AM

ফাইল ছবি
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি।
সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করলেও প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। মোট ২৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করে।
স্বদেশ প্রতিদিন/শাহো