প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৮:২৮ PM

মিরপুর শিয়ালবাড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাজু
রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন এবং গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস. এ. সিদ্দিক সাজু।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তিনি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, “প্রাণহানির এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, আমরা এই সমাজেরই অংশ। এই মানুষগুলোর কষ্ট আমাদেরও কাঁদায়। দল-মতের ঊর্ধ্বে উঠে আজকে এই দুঃখ ভাগ করে নিতে এসেছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা এড়ানো যায়, তার জন্য এলাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার।”
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এর আগে দুপুরে ফায়ার সার্ভিস জানিয়েছিল, অগ্নিকাণ্ডের পর ভবনের দ্বিতীয় তলায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বিএনপি নেতা সাজুর আহ্বানে ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা দুর্ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং উদ্ধারকারীদের সহায়তা করছেন। এতে অংশ নিয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মেরাজ, সাবেক মহিলা কাউন্সিলর সেলিনা হাফিজ, শ্রমিক দলের মোশারফ, যুবদল নেতা করিম মাতবর, ওয়ার্ড সদস্য মমিন মাতবর, শ্রমিক দলের আরমান মাতবর, মোশাররফ, মহিলাদলের বিথী প্রমুখ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে পাঁচটি ইউনিট কাজ শুরু করে; পরে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।
স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ