প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ পিএম

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে গণপরিবহন ব্যবহার করে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ৬ বাংলাদেশিসহ ২৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় গুয়া মুসাং এলাকার জেপিজে মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে কেলানতান অভিবাসন বিভাগ ও সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)-এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, দীর্ঘদিন ধরে কিছু বিদেশি নাগরিক সরকারি বাসসহ গণপরিবহন ব্যবহার করে নিরাপত্তা চৌকিগুলো এড়িয়ে চলার চেষ্টা করছিলেন। গোপন গোয়েন্দা তথ্য এবং এলাকাভিত্তিক নজরদারির মাধ্যমে এই নতুন কৌশলের খবর পেয়ে অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি ছাড়াও রয়েছেন ৬ জন ভারতীয়, ৮ জন ইন্দোনেশীয়, ৩ জন মিয়ানমারের এবং ২ জন পাকিস্তানের নাগরিক।
অভিযানে অংশ নেয়া দুই সংস্থার মোট ৪০ জন কর্মকর্তা এই তল্লাশিতে অংশ নেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৭(১)(ডি) এর আওতায় মামলা করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
পরিচালক ইউসুফ খান বলেন, “আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখতে অভিবাসন বিভাগ সর্বদা তৎপর। অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে