প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:২১ পিএম

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং চলমান সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ আরও বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সম্প্রতি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে, যা মার্কিন ব্যবসায়ীদের জন্য এক ইতিবাচক সংকেত। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন বৈঠক শেষে গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রমের ফলে দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “গত সফরের সময় বৈদেশিক মুদ্রা বাজারে কিছু চাপ ছিল, কিন্তু এখন তা অনেকটা স্থিতিশীল হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, সরকার লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা দূর করেছে এবং দীর্ঘদিনের একাধিক অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি করেছে। এর ফলে ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে এখন এর ফল দৃশ্যমান হচ্ছে। এই অগ্রগতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনছে। মার্কিন অংশীদাররা স্বীকার করেছেন যে, এই ধরনের উন্নতি শক্তিশালী নীতি প্রতিশ্রুতি ছাড়া সম্ভব ছিল না।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে