প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:৩৩ AM

সংগৃহীত ছবি
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুরস্থ টোল প্লাজায় ঢাকা-গামী আল মোবারকা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭১) একটি টমটম (ব্যাটারি চালিত অটোরিক্সা) কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম (৪২), নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকার হাজী হারুন মিয়ার পুত্র।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালক লিটন মিয়াকে আটক করে। লিটন মিয়া ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মুসলিম নগর গ্রামের মৃত কুদ্দুছ মাতব্বরের পুত্র। বাসটি শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং চালককে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের পর নিহত নজরুল ইসলামের লাশ যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো