প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:০২ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৯:১৪ PM

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২১ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১২ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সৌদি আরবজুড়ে চালানো অভিযানে মোট ২১ হাজার ৪০৩ জন প্রবাসীকে আটক করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত এই অভিযানে ব্যাপক সংখ্যক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৪৩৯ জন আবাসন আইন, ৪ হাজার ৬৫০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৪ হাজার ৩১৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধ উপায়ে দেশ ত্যাগের চেষ্টা করায় আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদি নাগরিকসহ ২৯ জনকেও আটক করা হয়েছে। বর্তমানে ৩১ হাজার ৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ ও ১ হাজার ৫০৪ জন নারী।
গ্রেপ্তারদের মধ্যে ২৩ হাজার ৮২৪ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি তৈরির জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ২ হাজার ৭৬৪ জনের প্রত্যাবাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে ১১ হাজার ৮৪৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নাগরিকদের বারবার সতর্ক করে আসছে।
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখো প্রবাসী কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইন লঙ্ঘনকারীদের ধরতে দেশজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
স্বদেশ প্রতিদিন/ আরএফ