ঢাকা-১১ আসন হবে চাঁদা-দখল ও মাদকমুক্ত : ড. এম এ কাইয়ুম

ভাটারা থানার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. এম এ কাইয়ুম হিসেবে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, ঢাকা-১১ আসনকে চাঁদা, দখল ও মাদকমুক্ত রাখা হবে। এসবের সঙ্গে যারা জড়িত, প্রশাসনের যেসব সদস্য এতে সম্পৃক্ত তাদের চিহ্নিত করে আগামী সপ্তাহের মধ্যে ডেকে এনে কার্যক্রম বন্ধ করা হবে।
আজ রবিবার (১২ অক্টোবর) বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-১১ আসনের আওতাধীন ভাটারা থানার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. এম এ কাইয়ুম বলেন, যারা মাদক সেবন করে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। চিহ্নিত করে প্রকাশ্যে সেই তালিকা টানিয়ে দেওয়া হবে। আমাদের দলের হোক বা অন্য দলের বৈষম্যবিরোধী এই আন্দোলনের পর কেউ চাঁদা দাবি করতে পারবে না, করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা-১১ আসনকে আমরা চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলবো। এখানে কোনো বৈষম্য থাকবে না। ক্ষুদ্র-বড়, নারী-পুরুষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করবে।
ড. এম এ কাইয়ুম বলেন, আপনি বিএনপি করেন বলে ক্ষমতা দেখাবেন এটা হতে দেওয়া হবে না। আপনাদের সহযোগিতায় বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, যেভাবে হাসিনাকে ঐক্যবদ্ধভাবে বিদায় দিয়েছি, ঠিক তেমনি চাঁদাবাজদেরও বিদায় করে দেব আপনাদের সহযোগিতায়। তিনি জানান, ময়লাওলাদের বলেছি রাস্তার হকাদের কাছ থেকে নির্ধারিত টাকার (৫০ টাকা) বেশি চাঁদা নেওয়া যাবে না। তারা সৎভাবে জীবনযাপন করতে চায় বলেই রাস্তায় ব্যবসা করে। ময়লাওলারা আমাকে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।
ভাটারা থানায় হাসপাতাল স্থাপনের বিষয়ে ড. এম এ কাইয়ুম বলেন, আমরা সরকারিভাবে হাসপাতাল, শিশুপার্ক, কমিউনিটি সেন্টার ও খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী দিনে ধানের শীষে ভোট দিন, আমরা এসব বাস্তবায়ন করবো এবং মাদক-চাঁদামুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামছুল হক বলেন, আমাদের দলের কেউ যদি চাঁদা দাবি করে, নেতাদের জানাবেন আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেবো। যারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে ঠাঁই হবে না। আমাদের নেতা ড. এম এ কাইয়ুম এসব বিষয়ে আপোষ করবে না।