রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশ বাতিল ও স্বতন্ত্র বজায় রাখতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর এই শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে এই অবরোধ করা হয়।
এর আগে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে গত ২৪ সেপ্টেম্বর একটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের সমন্বয়ে গঠিত হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা। বিশ্ববিদ্যালয়ের সাতটি অ্যাকাডেমিক ক্যাম্পাস থাকবে। সাত কলেজই বিশ্ববিদ্যালয়ের একটি করে ক্যাম্পাস হিসেবে পরিচালিত হবে। এ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সোমবার ‘লং মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা কলেজে ইন্টার মিডিয়েট বহাল রাখার দাবি জানিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, “আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। সে খসড়াটা (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের) প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি।”
ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস উল্লেখ করে ওই শিক্ষার্থীরা বলেন, “সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, এমনকি সুপ্রিমকোর্ট পর্যন্ত গিয়েছি, আইনজীবীদের সাথে কথা বলেছি। তারা বলেছে এই অধ্যাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, এখন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট যেভাবে আছে হয়তো ৫ বছর, ১০ বছর সেটা থাকবে। কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না।”
আমরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট বিলীন হতে দিব না উল্লেখ করে তারা আরো বলেন, “আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু যারা এই মডেলের বিশ্ববিদ্যালয় চাইছে, তাদের জায়গা থেকে তারা চাইতেই পারেন। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।”
উল্লেখ্য, ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে এসব কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, “শিক্ষার্থীরা সকাল থেকে কলেজ ক্যাম্পাসের জড়ো হতে থাকেন। সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড় আটকে দেন। ৪-৫ মিনিট অবস্থান করে নীলক্ষেত মোড় ঘুরে ক্যাম্পাসে ফিরে যান। তারা এসে একটি দাবিই জানিয়েছেন। তারা বলেছেন, সাত কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হলে তাদের কী হবে? তাদের দাবি, সেন্ট্রাল ইউনিভার্সিটিকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক, ঢাকা কলেজের ক্যাম্পাস ঢাকা কলেজেরই থাক।”