প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:৪২ পিএম

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা কিছু ভিডিও ও ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি।
সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে অভিনেতা অভিযোগ করেন, কিছু কনটেন্ট ক্রিয়েটর তাদের গোপনে তোলা ছবি বিকৃতভাবে উপস্থাপন করছেন। এসব ছবি ও ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ও মৌসুমীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ২ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী।
সেখানে তিনি বলেন, “কী দেখছেন, এটা এআই না। এআই দিয়ে মার্ভেলাস তো অনেক কিছুই করা যায়। তবে কিছু ফকিন্নির বাচ্চা এআই ব্যবহার করে আমাকে আর মৌসুমীকে বিক্রি করছে। তিলকে তাল বানাচ্ছে।”
ভিডিও বার্তায় আরও বলেন, “আমার মনে হয়, এরা অভাবের মধ্যে আছে। শুক্রবার দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে অহঙ্গবাদে থাকবো। আপনাদের কিছু লাগলে আসবেন, আতিথেয়তা করবো।”
তবে এখানেই থেমে থাকেননি তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, “এআই কী জিনিস, ভাইরাল কী জিনিস, বুঝিয়ে দেবো। তোরা তো কুত্তা-বিলাইয়ের মতো ভাইরাল হওয়ার চেষ্টা করিস। গোপনে কিছু নিস, ওইটাতে এআই মারোস। দোয়া করি, আমাদের বিক্রি করে যদি তোদের লাভ হয়, ভালো থাকিস।”
শেষে তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমানের একটি ছবির নাম উল্লেখ করে বলেন, “(আবার তোরা মানুষ হ)। সেটাই দোয়া করি তোমাদের জন্য।”
প্রসঙ্গত, ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র ফারদিন এহসান স্বাধীন ও এক কন্যা ফাইজা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে