প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১:০৭ পিএম

সংগৃহীত ছবি
ফ্রান্স আজারবাইজানকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে এক পা রাখলো। অক্টোবর উইন্ডোর পরের ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হবে ফরাসিদের।
প্যারিসে শুক্রবার (১০ অক্টোবর) রাতের ‘ডি’ গ্রুপের ইউরোপীয় বাছাইয়ে ফ্রান্স আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। দলের প্রথম গোল আসে কিলিয়ান এমবাপের একক নৈপুণ্যে, যিনি প্রথমার্ধের যোগ সময়েই দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় গোল আসে আদ্রিয়েন রাবিওর হেড থেকে, এবং শেষ গোলটি করেন ফ্লোরিয়ান থাভিন।
ম্যাচজুড়ে ফ্রান্সের আক্রমণ তীব্র ছিল। প্রথমার্ধের যোগ সময়েই এমবাপ দলের লিড নিশ্চিত করেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি টানা ১০ ম্যাচে গোল করেছেন এবং জাতীয় দলের হয়ে এটি তার ৫৩তম গোল, যা দেশের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুদ (৫৭) এর কাছাকাছি পৌঁছিয়েছে।
দ্বিতীয়ার্ধে ফরাসির আক্রমণ আরও তীব্র হয়। ৬৯তম মিনিটে এমবাপের ক্রস থেকে রাবিও গোল করেন। ম্যাচের শেষ দিকে পায়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন এমবাপ, তার জায়গায় নামা থাভিন এক মিনিটের মধ্যেই গোল করেন। জাতীয় দলের জার্সিতে প্রায় ছয় বছর পর ফিরেই তিনি গোল করলেন।
ম্যাচে ফ্রান্সের বল দখলের হার ছিল ৭৬ শতাংশ। তারা ৩৩টি শট নেয়, যার ৯টি লক্ষ্যভ্রষ্ট হয়নি। বিপরীতে আজারবাইজান মাত্র এক শট নিতে পেরেছিল, সেটিও লক্ষ্যভ্রষ্ট। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স; ইউক্রেন আছে দ্বিতীয় স্থানে ৪ পয়েন্ট নিয়ে।