প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:০৪ পিএম

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে তা আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। আমরা আইন প্রয়োগে আরও কঠোর হবো এবং ভবিষ্যতে এ খাতে আরও অগ্রগতি হবে।’
সম্প্রতি দুর্গাপূজায় অসুর প্রতিমায় দাড়ি সংযোজন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭০০-এর বেশি ব্যক্তি যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এ সময় এনসিপি নেতা নাহিদের ‘উপদেষ্টাদের সেফ এক্সিট’-বিষয়ক বক্তব্য নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, ‘আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।’ এরপর আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উৎসবে বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, ‘বৌদ্ধ ধর্ম অহিংসা, মৈত্রী ও সাম্যের শিক্ষা দেয়। বুদ্ধের পঞ্চশীল মানবজীবনের নৈতিক ভিত্তি গঠনে সহায়ক। এই মূল্যবোধ চর্চার মাধ্যমেই সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অপরাধ দূর করা সম্ভব।’
তিনি জানান, সরকারের পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সর্বাত্মক নিরাপত্তা ও সহায়তা প্রদান করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম