
সংগৃহীত ছবি
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ট নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন ভাসানী।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মওলানা ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। আজকের দিনে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
মওলানা ভাসানী ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ গড়ার অগ্রণী সংগ্রামী। তার জীবনযাপন ছিলো অত্যন্ত সাদাসিধে এবং তিনি সবসময় ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতেন। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার ও সমতা রক্ষায় সংগ্রাম করে গেছেন। দেশ ও জনগণের জন্য তার আত্মত্যাগ এবং প্রজ্ঞার কারণে তিনি বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আজকের দিনে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভোরে র্যালি এবং মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসটির আনুষ্ঠানিকতা। এরপর দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। কয়েকদিন আগে থেকেই তার ভক্তরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন।
এছাড়া, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলমান, যেখানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছেন। এই বিশেষ দিনটিতে সন্তোষ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।
মওলানা ভাসানীর এই মৃত্যুবার্ষিকী শুধু তার ব্যক্তিগত অবদানকে সম্মান জানানোই নয়, বরং আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির উন্নতির জন্য তার অবদানকে স্মরণ করার অন্যতম সুযোগ।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জনকল্যাণমুখী দর্শনের এক জীবন্ত স্মারক ঐতিহাসিক মুসাফিরখানা । পকেটে টাকা নেই, মাথার ওপর নেই কোনো ছাদ-তবুও এক বেলা আহার কিংবা নিরাপদ আশ্রয়ের জন্য বিন্দুমাত্র সংশয় জাগে না মনে। দূর-দূরান্ত থেকে আসা পথচারী, অসচ্ছল মানুষ আর ভক্ত-অনুসারীদের জন্য বিগত আটটি দশক ধরে এমনই এক অনন্য ভরসাস্থল এই ‘মুসাফিরখানা’।১৯৪৬ সালে মওলানা ভাসানী নিজ হাতে এই সেবাশ্রমটি প্রতিষ্ঠা করেন। আমৃত্যু যিনি কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের প্রতি তার সেই চিরন্তন মমত্ববোধ ও দর্শনের প্রতিফলন আজও অম্লান সন্তোষের আঙিনায়।
আজকের ব্যক্তিকেন্দ্রিক ও জটিল আর্থ-সামাজিক বাস্তবতায় যেখানে ন্যূনতম স্বার্থ ছাড়া সমানুভূতি মেলা ভার, সেখানে আটটি দশক ধরে একটি মুসাফিরখানা সচল থাকা এক বিরল দৃষ্টান্ত। এটি কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠানই নয় বরং মওলানা ভাসানীর সমতা, ভ্রাতৃত্ব ও বৈষম্যহীন সমাজভাবনার এক জীবন্ত দলিল।
এই মুসাফিরখানার রান্নাঘরে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে নিরলসভাবে কাজ করছেন চান মিয়া। তিনি জানান, ‘প্রতিদিন নিয়মিত দুবেলা খাবার পরিবেশন ছাড়াও প্রতি বৃহস্পতিবার এবং প্রতি চন্দ্র মাসের ১১ তারিখে এখানে বিশেষ তবারক বিতরণ করা হয়। এসব দিনে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে।’
টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম, টাইপরাইটারসহ চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টরটি সংরক্ষিত থাকলেও দীর্ঘদিনের পরিচর্যার অভাবে কয়েকটি স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র নিয়ে একটি আধুনিক জাদুঘর গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।
মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, ‘মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি একসঙ্গে রাখতে বড় পরিসরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি।’
মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ‘স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা পদক্ষেপ নিলেও আমাদের দাবি, আরও জোরালো উদ্যোগ নিয়ে এখানে একটি আধুনিক মিউজিয়াম গড়ে তোলা হোক। সেখানে ট্রাক্টর, সাবান কারখানাসহ সব নিদর্শন সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।
তিনি আরো বলেন,মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও তাঁর জীবনী বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হোক। যাতে নতুন প্রজন্ম তাঁর আদর্শ বুকে ধারণ করতে পারে।
এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছি এবং তাঁর পরিবারের সঙ্গেও আলোচনা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তাঁর ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।’