প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:০৬ পিএম আপডেট: ১১.১০.২০২৫ ১২:০৯ এএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করবো, এনসিপি নয়তো নিবন্ধনেরও দরকার নেই।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদি আমাদেরকে শাপলার প্রতীক না দেওয়া হয়, তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। শাপলা কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তাদের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। নির্বাচন কমিশন আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা, কিন্তু সেটি এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।
ইসিকে হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসেবে দেখতে পাচ্ছি। আওয়াল কমিশনের চেয়েও নিচুস্তরের সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান কমিশন। দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে, তা আগের অভিজ্ঞতা থেকেই জানা উচিত। নির্বাচন কমিশনকে বলবো, আইন মেনে সিদ্ধান্ত নিন, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারে না।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের ওপরও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের হুমকি-ধামকি দিচ্ছে, যেন আমরা শাপলা চাওয়া থেকে পিছিয়ে আসি। আমরা দেখছি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে। যদি শাপলা না দেয়, তাহলে আমাদের নিবন্ধনও প্রয়োজন নেই।
এর আগে দিনব্যাপী ধামতী ইউনিয়নে গণসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। উঠান বৈঠকে দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো