প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:২১ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১:৫৪ PM

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে পরিচালিত যৌথ অভিযানে ৬ বাংলাদেশিসহ মোট ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযানে ইমিগ্রেশন ও জেপিজের মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীরা গণপরিবহন ব্যবহারের মাধ্যমে নজর এড়ানোর চেষ্টা করছিল। অভিযানের সময় বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন, ৬ জন বাংলাদেশি (৫ পুরুষ, ১ নারী), ৫ জন ভারতীয় পুরুষ, ১ জন ভারতীয় নারী, ২ জন পাকিস্তানি পুরুষ, ২ জন মিয়ানমারের নাগরিক, ৮ জন ইন্দোনেশীয় নাগরিক (১ পুরুষ, ৭ নারী)।
তদন্তের স্বার্থে তাদের সবাইকে কেলান্তানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে তাদের অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে, কেউ যেন অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা কোনো ধরনের সুবিধা না দেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা করলে দোষীদের বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে