প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:২৪ পিএম

সংগৃহীত ছবি
জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন ইন্দোনেশিয়া সরকার।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে।
আগামী ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় ৮৬টি দেশ অংশ নিচ্ছে। এতে ইসরায়েলও রয়েছে, যাদের দলে আছেন ২০২০ টোকিও অলিম্পিক স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত। তবে এখন তাদের অংশগ্রহণ অনিশ্চিত।
ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র বলেন, “সরকার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনায় নেওয়া হয়েছে।”
মাহেন্দ্র আরও জানান, ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিকস ফেডারেশন আগে ছয়জন ইসরায়েলি অ্যাথলেটের জন্য ভিসা স্পন্সর করার আবেদন দিয়েছিল, কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়।
গত কয়েক দিনে ইসরায়েলি দলের অংশগ্রহণ নিয়ে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ, ইসলামী সংগঠন ও সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে ব্যাপক আপত্তি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, গাজায় গণহত্যা চালানো দেশের খেলোয়াড়দের প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।
এ পর্যন্ত ইসরায়েলি জিমন্যাস্টিকস ফেডারেশন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলবিরোধী প্রতিক্রিয়ার সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।