প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:২৯ AM

বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারসহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, এবং সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ইউনূস বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, “গত ১৬ বছরের নির্বাচনী প্রক্রিয়া ছিল এক ধরনের প্রহসন। এবার আমরা প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে চাই।” এছাড়া তিনি জানান, নির্বাচনের পর তিনি নিজ পেশায় ফিরে যাবেন।
ভুয়া তথ্য, বিভ্রান্তি ও বৈশ্বিক যোগাযোগ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “এই বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পরিবেশ, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন।
সাক্ষাতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের জন্য গবেষণা ও জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক মোশারফ হোসেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ