প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য (এমপি) পদে থাকতে পারবেন না এবং নতুন নির্বাচনে অংশগ্রহণও করতে পারবেন না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে সোমবার স্বাক্ষর করেছেন।
আরও বলা হয়েছে, আইসিটিতে অভিযুক্ত ব্যক্তি সরকারি চাকরি বা কোনো সরকারি দায়িত্বও গ্রহণ করতে পারবেন না। এছাড়া স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নিয়োগ বা নির্বাচিত হওয়ার সুযোগও থাকবে না।
তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল থেকে খালাস পান বা অভিযোগ থেকে অব্যাহতি পান, তাহলে তার ক্ষেত্রে এই অযোগ্যতার বিধান প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান থাকাকালীন সময়ে অভিযুক্তরা কোনো সরকারি বা নির্বাচিত পদে থাকার যোগ্যতা হারাবেন, যা দেশের নির্বাচনী ও প্রশাসনিক প্রক্রিয়ায় একটি নতুন নিয়ম স্থাপন করছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ