প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৪:১৬ PM

আব্বাস উদ্দিন নয়ন
সংবাদ বা ইন্টারভিউ নিতে গিয়ে গত এক যুগে আমার বেশ কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়েছে। দেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে আপসোস তাদের সবারই। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল কিংবা হেনতেন কাজে তারা শত শত কোটি টাকা ব্যয় করলেও মিডিয়ায় বিনিয়োগ করছেন না।
কেন করছেন না??- এমন প্রশ্নে তাদের উত্তর মোটাদাগে তিনটি-
১) দেশের গণমাধ্যম লুটেরা, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী এবং অসৎ ব্যবসায়ীদের হাতে। সৎ ব্যবসায়ীদের পক্ষে তাদের সাথে প্রতিযোগীতায় টেকা সম্ভব নয়।
২) গণমাধ্যমের মালিকানা নিয়ে অনেক নোংরামি হয়, সহজপথে লাইসেন্স পাওয়া যায় না, পুরনো মিডিয়ার মালিকানা কিনে তা পরিচালনার চেয়ে চন্দ্রাভিযান সহজ।
৩) দেশের প্রথম সারির পত্রিকার সম্পাদকরা চান না যে, ভালো ব্যবসায়ীরা নতুন গণমাধ্যম নিয়ে আসুক, গণমাধ্যমের সঙ্গে যুক্ত হোক।
শেষ অভিযোগটির বিষয়ে একজন বড় ব্যবসায়ী জানালেন, তিনি দেশে একটি ওয়ার্ল্ডক্লাস গণমাধ্যম আনার জন্য কয়েকবার উদ্যোগ নিয়েছেন। উনার উদ্যোগটি নিজেদের মধ্যে আলোচনা শেষ না হতেই বর্তমান শীর্ষ সম্পাদকের কাছে পৌছে যায় এবং সম্পাদক মহোদয় উনার কাছে হাজির হন। গণমাধ্যমে যুক্ত হলে কি কি ক্ষতি, কোন কোন পত্রিকা তার ব্যবসার বিরুদ্ধে লাগবেন সেটা ব্যাখ্যা করেন। ব্যবসায়ীদের মালিকানায় থাকা গণমাধ্যমের একে-অপরের লাগালাগির প্রমাণও হাজির করেন। গণমাধ্যমের করুণ অবস্থা বর্ণনা করেন। উনার কি কি সাপোর্ট লাগবে সেটা জানতে চান, ইন্টারভিউ ছাপান, সামিট-রাউন্টটেবিল-অ্যাওয়ার্ডের আয়োজন করে প্রমোট করেন।
ফলে উনাদের মতো সৎ ব্যবসায়ীদের উদ্যোগ থেমে যায়। লুটেরাই আসে গণমাধ্যমে বিনিয়োগ।
লেখক: গণমাধ্যমকর্মী
স্বদেশ প্রতিদিন/ আরএফ