প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:১৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের দায়িত্ব ইতোমধ্যে এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে প্রয়োজনে অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং প্রাথমিকভাবে বিষয়টি যাচাই করছি। তদন্ত যত গভীরে যাবে, ততই বোঝা যাবে এর পরিধি কতটা বিস্তৃত।” তিনি আরও বলেন, আপাতত আওয়ামী লীগের বিষয়েই তদন্ত শুরু হয়েছে, তবে প্রয়োজনে অন্য দলগুলোকেও তদন্তের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি অভিযোগ দাখিল করেন। সেখানে আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী।
এর আগে গতকালও তাকে জেরা করা হয়। জেরার সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন তুললে তদন্ত কর্মকর্তা বলেন, “কোনো চাপের কারণে নয়, সত্য উদঘাটনের কারণেই তিনি রাজসাক্ষী হয়েছেন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ