প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৩২ পিএম

নেপালে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে।
নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত রোববার এ তথ্য নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শান্তি মাহাত জানান, “শুক্রবার থেকে রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি অঞ্চলে একের পর এক ভূমিধস ও আকস্মিক বন্যার খবর পাওয়া যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন নিখোঁজ রয়েছেন।”
নিহতদের মধ্যে ৩৭ জনই পূর্বাঞ্চলীয় ইল্লাম জেলার বাসিন্দা। ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেন, “এলাকার বিভিন্ন স্থানে বড় ধরনের ভূমিধস হয়েছে। বহু সড়ক বন্ধ হয়ে গেছে, ফলে উদ্ধারকর্মীদের দুর্গম এলাকায় পৌঁছাতে সমস্যা হচ্ছে। এজন্য উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলছে।” বাকি মৃতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট এবং খোটাং জেলার বাসিন্দা।
এদিকে প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় শত শত পর্যটক আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক রয়েছেন, যারা হিন্দু ধর্মাবলম্বীদের দশাইন উৎসব উপলক্ষে নেপালে গিয়েছিলেন।
রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতিও নাজুক। শহর ও আশপাশের নদীগুলোর পানি বেড়ে তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: এনডিটিভি
স্বদেশ প্রতিদিন/ আরএফ