বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় দুই বছরের গণহত্যায় বোমা বর্ষণ ২ লাখ টন ছাড়িয়েছে, নিহত ৭৬ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম

ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হতে চলেছে আগামীকাল, ৭ অক্টোবর। ২০২৩ সালের এই দিনে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। দুই বছরে ইসরায়েল গাজায় ২ লাখ টনেরও বেশি বোমা ও বিস্ফোরক নিক্ষেপ করেছে—যা ইতিহাসের ভয়াবহতম ধ্বংসযজ্ঞগুলোর একটি।

লেবাননের সংবাদমাধ্যম আল মায়েদিন জানায়, গাজার সরকারি গণসংযোগ কার্যালয় আগ্রাসনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজা পরিণত হয়েছে এক মৃতভূমিতে—যেখানে চলছে গণহত্যা, জাতিগত নিধন ও ভয়াবহ মানবিক বিপর্যয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই বছরে মোট ৭৬ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৬৭ হাজার ১৩৯ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল সূত্রে নিশ্চিত, আর সাড়ে ৯ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। নিহতদের অর্ধেকের বেশি নারী, শিশু ও প্রবীণ। শুধুমাত্র শিশু নিহত হয়েছে ২০ হাজারের বেশি, আর নারী প্রায় ১২ হাজার ৫০০ জন।

গাজার তথ্যমতে, অন্তত ২ হাজার ৭০০ পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে—কোনো সদস্য জীবিত নেই। আরও ৬ হাজার পরিবারের কেবল একজন সদস্য টিকে আছেন। ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে, এবং অঞ্চলটির ৮০ শতাংশেরও বেশি এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ, যাদের অনেকেই একাধিকবার আশ্রয় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গাজায় ‘ক্ষুধা ও নিধনের রাজনীতি’ চালাচ্ছে। দুই বছরে ২ লাখ টনেরও বেশি বোমা বর্ষণ করা হয়েছে। এমনকি মানবিক সহায়তার জন্য নির্ধারিত নিরাপদ অঞ্চল আল–মাওয়াসিতেও ১৩০ বারের বেশি হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে ৩৮টি হাসপাতাল ও ৯৬টি ক্লিনিক। লক্ষ্যবস্তু করা হয়েছে ১৯৭টি অ্যাম্বুলেন্স। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ২৫৪ সাংবাদিক, ১৪০ সিভিল ডিফেন্স সদস্য এবং ৫৪০ মানবিক সহায়তাকর্মী। আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। গাজায় এখন কার্যত কোনো হাসপাতালের পূর্ণ সক্ষমতা নেই, আর বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া ২২ হাজার রোগী গাজাতেই আটকা পড়েছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজা এখন ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ২৪ লাখ মানুষের প্রায় সবাই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, আর ৬ লাখ ৫০ হাজার শিশু মারাত্মক খাদ্যসংকটে ভুগছে।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার শিক্ষা খাতও। ৯৫ শতাংশ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস, নিহত হয়েছেন ১৩ হাজার ৫০০ শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক ও ২০০ শিক্ষাবিদ। পাশাপাশি ৮৩৫টি মসজিদ, কয়েকটি গির্জা ও কবরস্থানও ধ্বংস হয়েছে।

দুই বছরে গাজার ১৫টি খাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭০ বিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে আবাসন খাতে ক্ষতি ২৮ বিলিয়ন, স্বাস্থ্য খাতে ৫ বিলিয়ন এবং শিক্ষা খাতে ৪ বিলিয়ন ডলার। কৃষি ও মৎস্য খাত প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাকে ভয়াবহভাবে হুমকির মুখে ফেলবে।

প্রতিবেদনের শেষাংশে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে—গাজা সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আগেই পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের অবরোধ তুলে দিয়ে মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক বিভাজনের কারণে যুদ্ধাপরাধের তদন্ত এখনো অগ্রগতি পায়নি।

সূত্র: আল মায়েদিন

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গণহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close