প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ AM

ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা শঙ্কা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নেব।
তিনি আরও যোগ করেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে।
বিএনপি মহাসচিবের সফর প্রসঙ্গে তিনি জানান, জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অধিবেশনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে অনুষ্ঠিত সভাগুলোও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং গণতন্ত্রের জন্য ইতিবাচক ফল দিয়েছে।
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান উপদেষ্টা সফরের সময় কয়েকটি দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছেন।
নিউইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে ফখরুল মন্তব্য করেন, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা এটাকে বড় করে দেখি না। বাংলাদেশে অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ ধরনের সমস্যা তৈরি করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ।
স্বদেশ প্রতিদিন/শাহো