প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম

কুমিল্লার মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি এম. এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মাইন উদ্দিন, বড়কান্দা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক, কান্দারগাঁও গ্রামের জমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক এবং দাতা সদস্য মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে এম. এম. মিজানুর রহমান বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্বও শিক্ষার্থীদের রয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আইরিন ও সারিকা কবির এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইয়ানুর আক্তারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি তিনজনকেই ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। আইরিনের পরিবারের আর্থিক অস্বচ্ছলতা ও তাঁর মা না থাকায় প্রতিষ্ঠানের সভাপতি এম. এম. মিজানুর রহমান ব্যক্তিগত উদ্যোগে তাঁকে আরও ১০ হাজার টাকা দেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এর আগেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও পড়াশোনায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক মো. মান্নান হোসেন এবং কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মো. সামিউল হোসাইন অনিক।
স্বদেশ প্রতিদিন/এফএইচ