প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম

বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসবাদ ও দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাফালবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বনির্ধারিত পথসভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৮ নম্বর চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন পঞ্চায়েত, ৪ নম্বর সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা আল মামুন, যুবদল নেতা পলাশ হাওলাদার এবং ৮ নম্বর চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের জবাব জনগণ ৫ আগস্ট দিয়েছে। তারপরেও যদি আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশে আর সম্ভব হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর ঠিকানা হবে ফাঁসির মঞ্চ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ