প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর শুভ উদ্বোধন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা স্কাউটসের আয়োজনে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কাব স্কাউটসের সভাপতি মাহবুবুল হাসান। পরে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা, কাব ক্যাম্পুরী ও কাব পতাকা উত্তোলন করেন।
এ কাব ক্যাম্পুরী চার দিনব্যাপী ৪০টি বিদ্যালয়ের ৪১টি দলের ইউনিট লিডারসহ ৩৪৭ জন কাব স্কাউটস সদস্য নানা ধরনের সৃজনশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। উপজেলা স্কাউটসের সম্পাদক খলিলুর রহমান, প্রধান শিক্ষক, চর শৌলমারী উচ্চ বিদ্যালয়, স্কাউটসের কার্যক্রম পরিচালনা করবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “স্কাউটিং এমন একটি আন্দোলন, যা শিশু-কিশোরদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ছোটবেলা থেকেই কাব স্কাউটদের মাঝে মানবিকতা, সততা ও নেতৃত্বগুণ বিকাশ ঘটানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস কার্যক্রমের অনন্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই রৌমারীর প্রতিটি বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত হোক। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা যেন সঠিক নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কাউটস সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী পরিদর্শন করে দেখেন এবং নিরাপত্তা, জরুরি মেডিকেল টিম ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার নিশ্চয়তা দেন।
২৭ সেপ্টেম্বর ২০২৬ চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ