প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ AM

সংগৃহীত ছবি
বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ এর উদ্যোগে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীকরণে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়েছে।
‘উইমেন গেইনিং গ্রাউন্ড’ (ডাব্লিউজিজি) প্রকল্পের আওতায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে শহরের সেউজগাড়ি সংস্থার কার্যালয়ে ২২ জন প্রতিবন্ধী নারীকে কাপড় ও কসমেটিক্স ব্যবসার উপকরণ প্রদান করা হয়। এছাড়াও এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়।
উপকরণ বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। তিনি বলেন, ২০২২ সাল থেকে ডাব্লিউজিজি প্রকল্পের আওতায় বগুড়ায় ২২০ জন, সারাদেশে ৪৮০ জন প্রতিবন্ধী নারীকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের জন্য এই উপকরণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বগুড়ায় ১৬০ জন নারী নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
মিষ্টি বলেন, “প্রতিবন্ধী নারীরা কখনোই সমাজের বোঝা নয়। সামান্য সুযোগ দিলে তারা স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরতে পারে।”
এসময়, অন্তর্বর্তী কার্যক্রমে ১১ জন নারীকে প্রতিজনকে ৩০ হাজার টাকার কাপড়ের ব্যবসার উপকরণ এবং ১০ জন নারীকে প্রতিজনকে ২৫ হাজার টাকার মুদি দোকানের সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া কাহালু মুরইল এলাকার রুবাইয়া নামে এক শিশুকে হুইলচেয়ার এবং জোড়গাছার এক নারীকে ২০ হাজার টাকার কসমেটিক্স সামগ্রী দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে মোট ২৩ জনকে ৬ লাখ ৭ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার হিসাব সমন্বয়কারী সামিরা মোসাদ্দেক, কর্মসূচি সহ-সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল এবং অন্যান্য কর্মকর্তারা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/শাহো