
ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিখোঁজ প্রবাসী আলমগীর হোসেন আলীমের (৩৩) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, শিয়াল ও কুকুরের অস্বাভাবিক আচরণ এবং দুর্গন্ধের সূত্র ধরে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সংগ্রামকেলি বাজার সংলগ্ন বাঁশঝাড়ের নিচে মরদেহটি পাওয়া যায়। এসময় গর্তে থাকা একটি প্লাস্টিকের বস্তাতে হাত-পা বাঁধা, চোখ উপড়ানো অবস্থায় যুবকের মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা আরও জানান, মরদেহের পাশে একটি বঁটি দা এবং আলীমের পোশাক পড়ে ছিল। বস্তার ভেতরে হাত-পা বাঁধা এবং চোখ উপড়ে ফেলা অবস্থায় লাশ পাওয়া যায়।
২৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ির গরুকে খাবার দেওয়ার পর তার মা তাকে খেতে বললে তিনি বলেন, “খাবার রেখে দাও, আমি একটু বাইরে যাচ্ছি।” এরপর থেকেই নিখোঁজ ছিলেন। নিহত আলীম শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালাম ও মনোয়ারা বেগমের ছেলে। তিনি দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন।
পরিবারের অভিযোগ, আলীম স্থানীয় প্রভাবশালী মাদক চক্রের সঙ্গে বিরোধপূর্ণ ছিলেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তারা জানান, স্থানীয় দোকানদার আতাবুর, সাইদুল, মাসুদ, সাদেক, কাজল, খাইরুল, রাজন সহ স্থানীয় কয়েকজন মাদক কারবারি আলীমকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমনকি প্রায় ১৫ দিন আগে আলীমের বাড়িতে গিয়ে তাকে তুলে নেওয়ার চেষ্টাও করা হয়।
নিহতের চাচাতো ভাই শাহ আলম জানান, কয়েকদিন পূর্বে এলাকায় মাদক ব্যবসারা এলাকার যুবসমাজের কাছে মাদক বিক্রি না করার জন্য প্রতিবাদ করেছিলেন আলমগীর। কয়েকদিন আগে এলাকায় মাদক ব্যবসায়ীরা তাকে অপহরণেরও চেষ্টা করেছিল।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, এই হত্যাকাণ্ড মাদক ব্যবসার বিরুদ্ধে দাঁড়ানো সাধারণ মানুষের জন্য আতঙ্কের বার্তা হয়ে দাঁড়িয়েছে। তারা আশা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের গ্রেপ্তার করবে।
স্বদেশ প্রতিদিন/শাহো