প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার জলঢাকা উপজেলার টেংগনমারি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রায় ৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং মেসার্স রবিউল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে সংশ্লিষ্ট দোকানদারদের ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
এ সময়, পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযানে সহযোগিতা করেন। পাশাপাশি অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর এই পলিথিনের ব্যবহার রোধে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।