প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, এখন দল জানে বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয়।
ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল ইতিমধ্যে দেশ ছেড়েছে। পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়েই তাদের এবারের যাত্রা। জ্যোতি বলেন, “এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। আগেরবার আমরা অনভিজ্ঞ ছিলাম, বড় মঞ্চে জয়ের কৌশল জানতাম না। কিন্তু এর পর আমরা দেশে-বিদেশে অনেক ম্যাচ খেলেছি। এখন আমরা জানি, কীভাবে বড় টুর্নামেন্টে জয় পাওয়া যায়।”
বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে ২০২২ সালে। সেই আসরে ৭ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছিল টাইগ্রেসরা— পাকিস্তানকে ৯ রানে হারিয়ে। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই খেলতে নামবে তারা।
ব্যাঙ্গালুরু ও কলম্বোতে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে জ্যোতি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতা বেড়েছে। এবারের আসরে আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা মুখিয়ে আছি বিশ্বকাপে ভালো কিছু করার জন্য।”
নারী ক্রিকেটে সমর্থন বাড়ার বিষয়েও গুরুত্ব দেন জ্যোতি। তিনি বলেন, “যেখানে নারী ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে, সেখানে ক্রিকেটকে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমরা বিশ্বাস করি, এবার পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের প্রতিদান দেওয়ার সময় এসেছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ