যুক্তরাষ্ট্র প্রবাসী আ. লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপ
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৩ AM

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর ডিম নিক্ষেপ ও লাঞ্ছনার ঘটনায় শরীয়তপুরে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির সামনে ডিম ছুড়ে প্রতিবাদ জানান তারা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে জাহিদের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেন এনসিপি নেতাকর্মীরা।
শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ আড়াল করতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আখতার হোসেনসহ যুক্তরাষ্ট্রে সফরে যান। অথচ সেখানে আমাদের ওপর পরিকল্পিতভাবে ডিম ছুড়ে অপমান করা হয়, যা দেশের ভাবমূর্তিকেই কলঙ্কিত করেছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের প্রতি যে আচরণ করা হয়েছে, তাতে আমরা ছাত্রজনতা ক্ষুব্ধ। এর প্রতিবাদেই জাহিদ হাসানের বাড়ির সামনে আমরা প্রতীকী ডিম নিক্ষেপ করেছি। এই জাহিদই আওয়ামী লীগের অনেক নেতার বিদেশে টাকা পাচারের মাধ্যম হয়ে উঠেছে। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।’
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। একই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল করারও অভিযোগ ওঠে।
স্বদেশ প্রতিদিন/এমএম