প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ AM

আসছে ১০ ডিসেম্বর, বহু প্রতীক্ষিত ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান। তিনি বলেন, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তাঁদের মৌখিক পরীক্ষা (ভাইভা) চলছে। ভাইভা শেষে যোগ্যদের মধ্য থেকে ক্যাডার ও নন-ক্যাডার পদের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।
এ বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
কোন ক্যাডারে কত জন নিয়োগ পাবেন:—চিকিৎসা ক্যাডার (সহকারী ও ডেন্টাল সার্জন): ৫৩৯ জন
শিক্ষা ক্যাডার: ৪৩৭ জন
প্রশাসন ক্যাডার: ২৭৪ জন
পুলিশ ক্যাডার: ৮০ জন
কাস্টমস ক্যাডার: ৫৪ জন
৪৫তম বিসিএস ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। আবেদন করেছিল ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ- যা বিসিএস পরীক্ষার ইতিহাসে একটি উল্লেখযোগ্য রেকর্ড।
স্বদেশ প্রতিদিন/এমএম