প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ১১:১১ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া সেই যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর তিনি স্থানীয় নেতা-কর্মীর সামনে বক্তৃতা করেন। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।
সোমবার ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দিতে শুরু করেন।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী তাঁদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। সেই মুহূর্তে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ ছাড়া, তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদে আখতার ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাঁরা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
পরে এক বিএনপি কর্মীর অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই বিএনপি কর্মী অভিযোগ করেন, বিমানবন্দরে ওই যুবলীগ নেতা তাঁকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম