প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা-মেয়ের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ন্তী মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল (৩)।
এর আগে, রবিবার সকালে ঢাকায় মারা যান জয়ন্তী মন্ডল (৩৩)।
নিহতরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা মন্ডল।
জয়ন্তী মন্ডলের ভাতিজা বিপুল মন্ডল জানান, সমির মন্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হন জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা মন্ডল। অসুস্থ অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সকালে জয়ন্তী মন্ডল মারা যান। একদিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মন্ডল মারা যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, জয়ন্তী মন্ডল ও তার কন্যা প্রতিভা মন্ডল ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটি সত্যিই দুঃখজনক। তিনি সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।