প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম

প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে থানা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) মুকসুদপুর থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যান। পরে বিকালে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে নেয়।
জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়ীক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ তাদের একাধিকবার নোটিশ দিয়ে জমি ছেড়ে দিতে বলেছিল। কিন্তু বিগত সময়ে তারা জমি না ছাড়তে গড়িমসি করলেও সম্প্রতি মুকসুদপুর থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা সোমবার (২২ সেপ্টেম্বর) স্বেচ্ছায় জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকালে থানা পুলিশ বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে নেয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন পরে আমাদের জমি বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে ছিলাম। যেহেতু তাদের স্থাপনাটি থানার সীমানার কোল ঘেষে ছিল, তাই আমরা সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে তারা আলোচনা অনুযায়ী স্বইচ্ছায় জমি ছেড়ে দিয়েছে। এতে করে আমরা দীর্ঘ সময় পরে হলেও আমাদের জমি ফেরত পেলাম। এখন সেখানে সীমানা প্রাচীর তোলার মাধ্যমে থানার নিরাপত্তা বৃদ্ধি পাবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ