প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম

পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করলেও ৫ আগস্টের পর বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা তা ধরে রাখে। পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে আরেকটি গ্রুপ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গোলাগুলিতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “চাঁদাবাজ গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির কিছু লোকের সংঘর্ষ হয়েছে। কারা চাঁদাবাজি করছে তা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছি না।”
বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, “ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ—দুই পক্ষই জড়িত। ব্যাপক গোলাগুলি হয়েছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ