প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ AM

গ্রামীণফোন শুক্রবার ১৩ ঘণ্টার জন্য সব ধরনের রিচার্জ সেবা বন্ধ রাখবে। সিস্টেম আপগ্রেড ও সেবা মান উন্নয়নের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেটসহ অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে।
গ্রাহকদের উদ্দেশে গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপিতে জানানো হয়েছে, রিচার্জ সেবা ১৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে গ্রাহকরা দোকান, বিকাশ-নগদ বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন না।
পোস্টপেইড গ্রাহকদের জন্যও সেবা কিছু সময়ের জন্য সীমিত থাকবে। রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং বিল আপডেট সার্ভিস বন্ধ থাকবে। সংযোগ চালু রাখতে গ্রাহকরা আগে থেকে বকেয়া বিল পরিশোধ করতে পারবেন।
গ্রামীণফোন জানিয়েছে, সিস্টেম আপগ্রেডের এই কাজের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদান সম্ভব হবে। এছাড়া, কোনো ধরনের অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
দেশে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় আট কোটি। তাই এই আপগ্রেডে সংযোগ ও রিচার্জে সাময়িক বিরতি থাকলেও দীর্ঘমেয়াদে সেবা মানোন্নয়নে সহায়তা করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ