প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ AM আপডেট: ১৮.০৯.২০২৫ ৯:৪৫ এএম

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা কাজী অলিদ ইসলাম ও বাইজীদ বোস্তামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, সোমবার ঢাকার মিরপুর থেকে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়। আর মঙ্গলবার দুপুরে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার হন টাঙ্গাইল শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাইজীদ বোস্তামী।
ডিএমপি জানিয়েছে, সোমবারই নিষিদ্ধ সংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে কাজী অলিদ ইসলামও রয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, বাইজীদ বোস্তামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছে। বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।