প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ AM

সংগৃহীত ছবি
রাজধানীর বনানীতে দুটি সিসা বারে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি সিসা, ১৩টি হুক্কা, ১০ কেজি কয়লা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বনানীর ১২ নম্বর সড়কে অবস্থিত আল গ্রীসিনো রেস্টুরেন্টে এবং রাত ৯টার দিকে ১৭ নম্বর সড়কের হাবানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
ডিএনসি জানায়, অভিযোগ ছিল এসব বারে সিসা সেবনের আড়ালে তরুণ প্রজন্মকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে। অভিযানে দুটি বার থেকেই বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, দেশে প্রচলিত আইনে হুক্কার মাধ্যমে সিসা পরিবেশন ও সেবন বেআইনি। দীর্ঘদিন ধরে অভিজাত এলাকায় এসব বারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা সীমিত ছিল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করেছে। আজকের অভিযানে সিসা পরিবেশন ও সেবনের সরাসরি প্রমাণও মিলেছে।