প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৯ পিএম

ফাইল ছবি
নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না, এটাই আমাদের স্লোগান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম বলেন, ‘আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কাজ করছি।’
সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাদিক কায়েম।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে। কারো ব্যক্তিগত পরিচয় বা প্রতীক, পোশাকের পছন্দ নিয়ে হস্তক্ষেপ করা একেবারেই চলবে না।
ডাকসুতে নারীদের ভোট বেশি পাওয়ার কারণ জানতে চাইলে সাদিক বলেন,‘নারীরা যেমন নেতৃত্ব চান, তেমন নেতৃত্ব ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন বলে নারী শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছেন।
প্রতিষ্ঠার পর থেকেই নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসলেও বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সাদিক। সাদিক বলেন, শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল জুলাই বিপ্লবের পর তা ভেঙে গেছে। আমরা প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় তা আমরা কাজে প্রমাণ করেছি।
শিবিরের বিজয়ে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা আছে কি-না জানতে চাইলে সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো