প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৪ AM

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে 'পাকিস্তানের ডার্লিং' বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু। সাম্প্রতিক এশিয়া কাপ ক্রিকেটের একটি ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতারা রাহুলকে আক্রমণ করতে শুরু করেছেন।
ঘটনার সূত্রপাত হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচ ঘিরে, যেখানে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেননি। বিষয়টি পাকিস্তানে সমালোচিত হয়। এরই মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি এক টিভি অনুষ্ঠানে রাহুল গান্ধীর প্রশংসা করে বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে রাহুলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
আফ্রিদির মন্তব্য প্রকাশিত হওয়ার পর বিজেপি নেতারা রাহুলকে তীব্র সমালোচনায় ভাসান। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রাইজ্জু ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে রাহুলকে উদ্দেশ করে লেখেন, রাহুল গান্ধী পাকিস্তানের ডার্লিং।
এছাড়া বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বলেন, “ভারতের শত্রুরা কেন রাহুল গান্ধীর মধ্যে বন্ধুত্ব খুঁজে পান, তা ভারতীয় জনগণ ভালো করেই বোঝে।”
বিরোধী দলগুলো অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক স্বার্থে জাতীয় দলকে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনুমতি দিয়েছে। তাদের দাবি, রাজনৈতিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক অচলাবস্থায় থাকলেও, খেলাধুলার ক্ষেত্রে সরকার দ্বিচারিতা করছে।
উল্লেখ্য, গত এপ্রিল কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে এক সশস্ত্র হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরপর সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক মন্তব্য বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও অবনতির দিকে যায়।
স্বদেশ প্রতিদিন/এমএম