প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তা ও তার স্বজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ৮-১০ জন অস্ত্রসজ্জিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র—দা, লোহার রড, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ঢুকে লুটপাট করে এবং সম্ভু সরকার ও তার ভাতিজি জামাতা রনি সরকারকে কুপিয়ে জখম করে।
তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সম্ভু সরকার বাদী হয়ে মনিন্দ সরকার, তপু সরকার, বাদশা মিয়া ও দিলিপ সরকারসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাত সন্ত্রাসীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর