প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের বেকার সংখ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি জানিয়ে বলেছেন, কর্মসংস্থান অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “কর্মসংস্থান মূলত বেসরকারি খাতে হয়। ব্যবসা-বাণিজ্য যদি মন্থর হয়, তার প্রভাব পড়তে বাধ্য।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের
এসব কথা বলেন।
সম্প্রতি কিছু অর্থনীতিবিদ দেশি বেকারের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, তাদের বিশ্লেষণ সঠিক নয়। তবে ব্যবসা-বাণিজ্যকে সহায়তা দেওয়ার ওপর কর্মসংস্থানের ওপর সরাসরি প্রভাব নির্ভর করে।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জেনারেশন যাই হোক, উপকেন্দ্রের ফল্টি হওয়া ও সিস্টেম ডিস্ট্রিবিউশনের সমস্যা সমাধানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া এলএনজি আমদানি এবং সার সরবরাহ ব্যবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এমওপি, ইউরিয়া সারসহ গুরুত্বপূর্ণ সারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের কৃষি ও শিল্পখাতের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ