প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৩:৪৭ PM

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে ঘোষিত বিক্ষোভ না করে বিকেলে কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে দলটি দায়িত্বশীল অবস্থান নিয়েছে এবং পরীক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে কর্মসূচি সময় পরিবর্তন করা হয়েছে।
এর আগে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তবে ওই দুই দিন সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যাওয়ার পর কর্মসূচি বিকালে পালনের সিদ্ধান্ত নেয় দলটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিকালে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। এজন্য সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকালবেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানায় জামায়াত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ