প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা শাখার দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মো. খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, খলিলুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছিল। পরবর্তীতে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় জেলা শাখা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করেছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি