প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাড়ে তিন হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত নার্সদের পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই নার্সদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নির্ধারিত বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত হয়ে মেধা ও পছন্দক্রম অনুসারে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন পেয়েছেন।
নবনিয়োগপ্রাপ্ত নার্সদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত হাসপাতালে যোগ দিতে হবে। এজন্য স্বাস্থ্যসেবা বিভাগ ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরম অনুসরণ করে যোগদানপত্র জমা দিতে হবে।
এছাড়া, নিয়োগপ্রাপ্তদেরকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে যে তারা শিক্ষানবিশকালীন বা পরবর্তী তিন বছরের মধ্যে পদত্যাগ করলে প্রশিক্ষণজনিত সব ব্যয় ফেরত দেবেন। একইসাথে যৌতুক না দেওয়া ও না নেওয়ার অঙ্গীকারও করতে হবে।
পদায়ন শেষে বদলি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সকল নিয়োগপ্রাপ্তকে পুলিশ ভেরিফিকেশন, পিএমআইএস ফর্ম এবং সম্পদ বিবরণী আগামী ১০ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ