প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:২৬ PM

যশোর শহরতলীর ধর্মতলা কাঁচাবাজার এলাকায় চাঁদা না দেওয়ায় নজরুল ইসলাম ওরফে কসাই নজরুল (৪২) নামে এক মাংস ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলার পর গুরুতর আহত নজরুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নজরুল ইসলাম খোলাডাঙ্গা গাজীপাড়ার মৃত গণি মিয়ার ছেলে। তিনি ধর্মতলা কাঁচাবাজারে ‘মা-বাবার দোয়া মিট হাউজ’ নামে একটি মাংসের দোকান পরিচালনা করেন। তার অভিযোগ, একই এলাকার মৃত গণি গাজীর ছেলে মহুরি মাসুদুর রহমান টিটু গাজী তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
নজরুলের ভাষ্য অনুযায়ী, চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মাসুদুর রহমান মোটরসাইকেলযোগে এসে তাকে ধাক্কা দেন। এতে তিনি ড্রেনে পড়ে যান। এরপর হামলাকারী টিটু গাজী তাকে মারধর করে তার ব্যবসার ৮৭ হাজার ৪৩২ টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারী হুমকি দিয়ে বলেন, “কাকা, বাকি টাকা রেডি রাখিস।”
নজরুল আরও জানান, এর আগেও টিটু গাজী তার দোকানে এসে বিনা টাকায় মাংস নিয়ে যেতেন এবং প্রতিবাদ করলে গালাগালি করতেন। কয়েকদিন আগে সরাসরি তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন।
পরে স্থানীয়রা আহত নজরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “পুলিশ ভিকটিমের সঙ্গে কথা বলেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে